ইসরায়েলি অ্যাপ বর্জনে কঠোর অবস্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

Published: October 23, 2026, 1:52 pm

ইসরায়েল সংশ্লিষ্ট নিরাপত্তাঝুঁকির বিষয়টি মোকাবিলায় তার সরকার কোনোভাবেই সময় নষ্ট করতে চায় না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় তার প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। বিশেষ করে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য এবং মানুষের চলাচলের তথ্যের গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে—এমন আশঙ্কাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনির প্রতিবেদন অনুসারে, ইসরায়েল সংশ্লিষ্ট নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ (Waze) ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। গত ২০ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে এই বিষয়টি বিশদভাবে পর্যালোচনা করা হয়। এই আলোচনার প্রেক্ষিতেই সরকারি কর্মীদের জন্য ওয়েজ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিকল্প হিসেবে স্থানীয়ভাবে তৈরি ‘তুজু’ (Tuju) অ্যাপ ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। আনোয়ার ইব্রাহিমের মতে, জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের ডিজিটাল তথ্যের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি উপেক্ষা করার সুযোগ নেই। তার সরকার সাইবার নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল তথ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তবে ওয়েজ অ্যাপটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। মালয়েশিয়াকিনি জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা, প্রযুক্তিগত নির্ভরতা এবং ব্যবহারকারীদের বাস্তব প্রয়োজনের বিষয়গুলোও সরকারের বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin