ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফেরানো হলো ৩৫ বাংলাদেশিকে

Published: October 23, 2026, 9:33 am

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে অবৈধভাবে অবস্থান করা ৩৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১৯ জন ইতালি থেকে, ১০ জন গ্রিস থেকে এবং ৬ জন সাইপ্রাস থেকে এসেছেন।

ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের সার্বিক সহযোগিতায় এই বিশেষ সমন্বিত ফ্লাইটটি পরিচালিত হয়। ফ্রন্টেক্সের মাধ্যমে পরিচালিত এই আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তিন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ইতালি দূতাবাস তাদের বার্তায় স্পষ্ট করে জানিয়েছে, ইউরোপজুড়ে অবৈধ প্রবেশ ও অবস্থান ঠেকাত ‘শূন্য সহনশীলতা’ বা জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এর পাশাপাশি সার্বিকভাবে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়ম মেনে বৈধ পন্থায় অভিবাসনের গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়।

মানব পাচার প্রতিরোধে সতর্কবার্তা দিয়ে দূতাবাস আরও জানায়, যথাযথ ও বৈধ ভিসা ব্যতিরেকে ইতালিতে পৌঁছানোর উদ্দেশ্যে দালাল, চোরাকারবারি কিংবা মানব পাচারকারীদের অর্থ দেওয়া পুরোপুরি বেআইনি। এ ধরনের অবৈধ পদক্ষেপের চূড়ান্ত পরিণতি হিসেবে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh