প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার অংশগ্রহণে এই সংলাপ ও জাতীয় অবস্থানপত্র প্রকাশের আয়োজন করা হয়েছিল।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সরকারি সফরে জাপান যাবেন তারেক রহমান। এই সফর নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কপ-৩১ সম্মেলন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সীমিত বাজেট নিয়েও জলবায়ু অভিযোজনে নিরলস কাজ করে যাচ্ছে। আসন্ন এই সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। তিনি আরও বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি অভিযোজন ও প্রশমন—উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে তাদের অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সহায়তা মূলত অনুদান হিসেবে আসা প্রয়োজন, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণের বোঝা বৃদ্ধি না পায়। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় একটি বিশেষ ফান্ড গঠনের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে ও নেগোসিয়েশন টেবিলে শক্তিশালী অবস্থান তৈরির জন্য আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর প্রয়োজন। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করা হয়েছে। এছাড়া পরিবেশ নিয়ে কাজ করা দেশের যুব সমাজকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।





