কোরিয়ার জনপ্রিয় চিকেন-নুডলস স্যুপ ‘ডাক কালগুকসু’ তৈরির সহজ রেসিপি

Published: October 23, 2026, 12:26 pm

কোরিয়ান খাবারের তালিকায় ডাক কালগুকসু বেশ জনপ্রিয় একটি নাম। এটি মূলত মুরগির মাংস ও নুডলস দিয়ে তৈরি একটি পুষ্টিকর স্যুপ। এটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে রয়েছে ৪ কাপ ময়দা, ১টি ডিম, ২ চা-চামচ বাদামতেল এবং পরিমাণমতো পানি। ডো তৈরির জন্য এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। এরপর রুটির মতো বেলে নিয়ে ময়দা ছিটিয়ে ভাঁজ করে রোল করে নিতে হবে এবং ছুরির সাহায্যে চিকন করে কেটে নুডলস বা পাস্তার আকার দিতে হবে। সেদ্ধ করার সময় গরম পানিতে এক চা-চামচ জলপাই তেল মিশিয়ে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নুডলসগুলো আলাদা করে রাখুন।

স্যুপের স্টক তৈরির জন্য ৬ কাপ মুরগির স্টক, ১০ কাপ পানি, ২৫০ গ্রাম মুরগির বুকের মাংস, ৪টি রসুন কোয়া, ১ চা-চামচ আদাকুচি, আধা কাপ পেঁয়াজ এবং ২ চা-চামচ পেঁয়াজ কলির সাদা অংশ প্রয়োজন। একটি প্যানে মাংস, পেঁয়াজ, রসুন, আদা ও পানি দিয়ে ৩০ মিনিট ফুটিয়ে নিন। এরপর পানি ছেঁকে আলাদা করে রাখুন এবং সেদ্ধ মাংসগুলো আঙুল দিয়ে টেনে আধা ইঞ্চি করে ছিঁড়ে নিন। মাংসের সাথে সেদ্ধ মসলার পেস্ট, ১ চা-চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা-চামচ সয়া সস ও সামান্য লবণ দিয়ে মেখে নিতে হবে।

স্টক প্রস্তুত করতে মাংস সেদ্ধ করা পানিতে সয়া সস ও পেঁয়াজ দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন। সবশেষে পরিবেশনের জন্য একটি বাটিতে সেদ্ধ নুডলস নিয়ে তার ওপর মুরগির মাংসের মিশ্রণটি দিন। এরপর ওপর থেকে গরম স্টক ঢেলে দিন। স্বাদের জন্য ২ কাপ জুকিনিকুচি সামান্য লবণ মেখে জলপাই বা বাদামতেলে হালকা ভেজে স্যুপের ওপরে ছড়িয়ে দিন। স্বাদমতো লবণ দিয়ে গরম গরম পরিবেশন করুন এই মজাদার ডাক কালগুকসু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo