কুষ্টিয়ায় রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহকালে সাংবাদিককে কুপিয়ে জখম

Published: September 20, 2026, 2:47 am

কুষ্টিয়ার কুমারখালীতে পৌরসভার একটি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এম এ উল্লাস নামে এক সাংবাদিক। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়া এলাকায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। আহত এই সংবাদকর্মী বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুণ্ডুপাড়া এলাকায় একটি সরকারি রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠলে ইতিপূর্বে প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে শনিবার দুপুরে প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই ঠিকাদারের লোকজন পুনরায় কাজ শুরু করে। খবর পেয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আখতার দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও ঘটনাস্থল ত্যাগ করার পরপরই সাংবাদিক এম এ উল্লাস সেখানে তথ্য ও ছবি সংগ্রহ করছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। অভিযোগ উঠেছে, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভনের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্যের ছেলে শোভন। তিনি দাবি করেন, “আমি আজ বাড়ি থেকেই বের হইনি। সাংবাদিকের ওপর হামলার কথা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তা ছাড়া সাংবাদিক উল্লাস সম্পর্কে আমার দূর সম্পর্কের চাচা হন।”

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অনিয়মের অভিযোগে আগে ওই রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছিল। আজ অনুমতি ছাড়া পুনরায় কাজ শুরু করলে আমি নিজে গিয়ে তা বন্ধ করি। আমি চলে আসার পরই সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি জানতে পারি।” কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin