আজ ১১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। দিবসটি ঘিরে পৃথিবীর বিভিন্ন দেশে নানান কর্মসূচি ও সচেতনতামূলক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরই নির্ধারিত দিনে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।
২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’, যার বাংলা অর্থ ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’। এবারের প্রতিপাদ্যের বিশেষ তাৎপর্য হলো, এতে কন্যাশিশুর সুরক্ষাকে কেবল একটি ক্ষতিকর প্রথা বন্ধের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি; বরং শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, নেতৃত্ব এবং নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে একই আলোচনার অংশ করা হয়েছে।
দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুদের জন্য মানসম্মত শিক্ষা, চিকিৎসা, প্রয়োজনীয় পুষ্টি ও উপযুক্ত আইনি সুরক্ষা নিশ্চিত করা। এর পাশাপাশি বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মেয়েদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের আনুষ্ঠানিক সূচনা ঘটে ২০১১ সালে। ওই বছরের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে দিবসটির ঘোষণা দেওয়া হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয় এবং তখন থেকে প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিকভাবে এটি উদযাপিত হয়ে আসছে।





