কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইন হামলায় অন্তত চারটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) নৌবাহিনীর বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
একই এলাকায় বিস্ফোরক দিয়ে একটি ট্যাংকারে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক সংস্থা দ্য ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, ওমানের খাসাব থেকে উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটে। একটি ছোট নৌকায় এসে দুর্বৃত্তরা ট্যাংকারটির পানির স্তরের ওপর দুটি বিস্ফোরক যুক্ত করে দেয়।
এর ফলে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে জাহাজটি বিকল হয়ে পড়ে। তবে জাহাজের ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন এবং পরবর্তী সময়ে ট্যাংকারটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এই ঘটনায় জাহাজের সব ক্রু নিরাপদে রয়েছেন।
এদিকে ইউকেএমটিও নিশ্চিত করেছে যে, এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সামুদ্রিক পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে। পাশাপাশি হরমুজ প্রণালির ওই সংবেদনশীল এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য নৌযানকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।





