পোশাকশিল্পে চলমান অস্থিরতা, ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনাগুলোকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শঙ্কার কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা থামছে না। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। জামায়াত আমীর দৃঢ়তার সাথে বলেন, তিনি বিশ্বাস করেন কোনো শ্রমিকই এ ধরনের ধ্বংসাত্মক কাজে জড়িত নন। তার মতে, কিছু ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা অস্থিতিশীল পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে।
তিনি আরও উল্লেখ করেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলেছে, তা নস্যাৎ করার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কঠোর অবস্থান নিতে হবে বলেও তিনি মত দেন। সবশেষে, তিনি পোশাক খাতের মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিক এবং সতর্ক থাকার আহ্বান জানান।





