বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে সুদহার উচ্চ পর্যায়ে বজায় রাখতে পারে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরবর্তী সুদহার নীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে।
বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫৫ ডলারে নেমে আসে। তবে বিপরীত চিত্র দেখা গেছে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের ক্ষেত্রে, যার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
বাজারে মার্কিন ডলার দুই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি স্থির রয়েছে। ডলার শক্তিশালী হলে স্বর্ণের মতো মূল্যবান ধাতু অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। এছাড়া সুদহার বেশি থাকলে সুদ থেকে আয়ের সম্পদের আকর্ষণ বাড়ে, যা স্বর্ণে বিনিয়োগের আগ্রহ কমিয়ে দিতে পারে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিও বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানে সমঝোতা না হলে ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন, যদিও জাতিসংঘের কূটনৈতিক তৎপরতায় শিগগিরই সমঝোতার আশাও ব্যক্ত করেছেন তিনি।
গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণী সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে উন্নীত করেছে এবং বছর শেষ হওয়ার আগে আরও এক দফা সুদহার বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। বস্টন ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট সুসান কলিন্স গত সপ্তাহের সুদহার বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ব্যাংক অব জাপান ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও সম্প্রতি সুদহার বাড়িয়েছে।
বিএমআই বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে স্বর্ণের গড় দাম প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারে থাকতে পারে। তাদের মতে, ভূরাজনৈতিক ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার প্রবণতা দামকে ৩ হাজার ৮০০ ডলারের কাছাকাছি একটি শক্ত অবস্থানে ধরে রাখতে সহায়তা করবে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ৭০ ডলারে, প্লাটিনামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৮১৫ দশমিক ১১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩০১ দশমিক ৬০ ডলারে নেমেছে।





