আন্তর্জাতিক বাণিজ্যে টাকার ব্যবহার বাড়াতে নতুন কাঠামো চালু

Published: September 23, 2026, 9:02 am

আন্তর্জাতিক বাণিজ্যে বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরতা কমিয়ে টাকার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি নতুন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এই সার্কুলারের আওতায়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বাণিজ্য অংশীদার দেশগুলোর সংশ্লিষ্ট ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা বা ভোস্ট্রো হিসাব ব্যবহার করে বৈশ্বিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি করা সম্ভব হবে।

নতুন এই ব্যবস্থায় প্রাথমিকভাবে বৈদেশিক মুদ্রায় অর্থ জমা না রেখেই বাংলাদেশের আমদানির বিপরীতে প্রাপ্য অর্থের ভিত্তিতে বাণিজ্য অংশীদার দেশের ব্যাংকের নামে টাকা ভোস্ট্রো হিসাব খোলা ও পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। এলসি, চুক্তি ও ইনভয়েসগুলো প্রচলিত বৈদেশিক মুদ্রায় সম্পাদন করার পর, বিদ্যমান বিনিময় হার অনুযায়ী তা টাকায় রূপান্তর করে ভোস্ট্রো হিসাবের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হবে।

এই কাঠামোর আওতায় আমদানিকারকের কাছ থেকে প্রাপ্ত অর্থ টাকা ভোস্ট্রো হিসাবে জমা হবে এবং সেখান থেকেই বাংলাদেশের রপ্তানিকারকদের পাওনা পরিশোধ করা যাবে। অর্থাৎ একই হিসাবের মাধ্যমে আমদানি ও রপ্তানি উভয় ধরনের লেনদেন নিষ্পত্তির সুবিধা থাকছে। এছাড়া প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুসরণ করে আমদানি ও রপ্তানির বিপরীতে অগ্রিম অর্থ পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে।

টাকায় রপ্তানি আয় গ্রহণকারী রপ্তানিকারকরা বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুবিধাও পাবেন। সংরক্ষিত এই অর্থ রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানি, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণ পরিশোধসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক দায় মেটাতে ব্যবহার করা যাবে।

সার্কুলার অনুযায়ী, টাকা ভোস্ট্রো হিসাবে জমা থাকা অতিরিক্ত অর্থ নির্ধারিত বিধিমালা মেনে বাংলাদেশে বিনিয়োগ করা যাবে। এর মধ্যে রয়েছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড। এছাড়া প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এই অর্থ স্থানীয় প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া বা বিদেশে পাঠানোর সুযোগও রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, নতুন এই পদ্ধতি চালু হলেও বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান নথিপত্র ব্যবস্থাপনা, রিপোর্টিং এবং নিয়ন্ত্রক সংস্থার পরিপালনসংক্রান্ত শর্তগুলো অপরিবর্তিত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy