জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিফিংয়ে জানান, বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাংলাদেশের অনেক কনটেইনারবাহী জাহাজ সেখানে আটকা পড়েছে। এই সংকট নিরসনে এবং যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিয়ে ইরানের প্রেসিডেন্টের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন যে, আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হলে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো নিরাপদে দেশে ফিরতে পারবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘকে একটি নিরপেক্ষ স্থান হিসেবে বিবেচনা করে এবং এই নিরপেক্ষ মঞ্চে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রায় ৮ মিলিয়ন প্রবাসী কর্মী কর্মরত রয়েছেন। হুমায়ুন কবির সতর্ক করে বলেন, এই সংঘাত যদি শান্তিপূর্ণভাবে সমাধান না হয়, তবে এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও রেমিটেন্স প্রবাহের ওপর পড়তে পারে, যা সরকারের জন্য গভীর উদ্বেগের বিষয়।
উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।





