মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম সমন্বয়ের চেষ্টা করবে সরকার

Published: September 24, 2026, 12:03 pm

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এই সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও তেলের দাম পুনরায় সমন্বয়ের চেষ্টা করবে সরকার। বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর একটি দেশ এবং দেশে জ্বালানি তেল উৎপাদন হয় না। বর্তমানে যে অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানি করা হয়, সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে পড়েছে এবং বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বিদেশ থেকে বৈদেশিক মুদ্রার মাধ্যমে জ্বালানি তেল আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি বীমা প্রিমিয়ামসহ সার্বিক আমদানি ব্যয়ও বেড়েছে। এসব কারণে দীর্ঘ সময় জ্বালানি তেলের মূল্য সমন্বয় না করে রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছিল। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার প্রথমে প্রায় ছয় মাস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো বিকল্প না থাকায় শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সরকার আশাবাদী যে মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে এবং আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তা সমন্বয় করা হবে।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিলটন এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, উন্নয়ন সম্ভাবনা ও বিদ্যমান সমস্যার কথা তুলে ধরেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy