এবারের আইপিএল নিলামের ভেন্যু হিসেবে ভারতের গোয়াকে চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বুধবার জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও, ১৪ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন এটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এবারের নিলাম তুলনামূলক ছোট পরিসরে হবে বিধায় বিসিসিআই এক দিনেই পুরো আয়োজন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। গত তিন বছর যথাক্রমে দুবাই, জেদ্দা ও আবুধাবিতে নিলাম অনুষ্ঠিত হলেও, এবার সেই ধারায় পরিবর্তন আনা হয়েছে। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির অনুরোধের প্রেক্ষিতেই বোর্ড নিলামটি ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী বছর বড় আকারের নিলাম হওয়ার কথা থাকায়, সেটি আবারও দেশের বাইরে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিলামের জন্য বোর্ডের প্রথম পছন্দ ছিল এমন একটি পাঁচ তারকা হোটেল, যেখানে ১০টি আইপিএল দলের প্রতিনিধিদলসহ শতাধিক অতিথির থাকার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। গোয়ায় এমন একটি উপযুক্ত হোটেল পাওয়া গেছে বলেই বোর্ড সূত্রে জানা গেছে।
এর আগে ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরের নিলামও গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল। সেই নিলামে কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফকে ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস কিনেছিল, যা ছিল তৎকালীন নিলামের সর্বোচ্চ দাম। এছাড়া বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ওই নিলামটি বিশেষভাবে স্মরণীয়, কারণ মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের তীব্র লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ৫০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের মাশরাফিকে ৬ লাখ মার্কিন ডলারে দলে নিয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।
এদিকে, নারী প্রিমিয়ার লিগের নিলাম আগামী ২৮ অক্টোবর কোচিতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানানো হয়েছে।





