গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, পুড়ল ৩৮টি ঘর

Published: September 20, 2026, 4:56 am

গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় স্থানীয় সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরগুলোর আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে গেছে এবং প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রাতের রান্নাবান্না করছিলেন। এ সময় একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। একে একে প্রায় ৩৮টি ঘর আগুনে ভস্মীভূত হয়। প্রথমে স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, কারখানা ছুটির পর ভাড়াটিয়ারা রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে তার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

স্বপ্না আক্তার নামের এক ভাড়াটিয়া জানান, কারখানা থেকে ছুটি শেষে বাড়ি ফিরে তিনি হঠাৎ আগুন দেখতে পান। চোখের পলকেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে নেভানোর আগেই তার ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, রাত সাড়ে ৮টায় খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ২০ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy