রাজধানীর প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, তাদের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র ছয় মিনিটের প্রচেষ্টায় ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে হঠাৎ করেই আগুন ধরে যায়। এসময় প্ল্যাটফর্মে থাকা অন্যান্য কোচের পাশে জ্বলতে থাকা কোচটি থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের কারণে চারপাশ ধোঁয়ায় ছেয়ে গেলে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া যে ট্রেনটিতে আগুন লেগেছে, সেটির নামও এখনো জানা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়ে থাকতে পারে।





