আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তারিখ পুননির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে ২২শে অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর আগে ২০শে অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি ঘোষণা করা ছিল। নতুন করে ২২শে অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এই বর্ধিত সুবিধা পাওয়া যাবে। এর সাথে ২৩ ও ২৪শে অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে ১৭ই অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।
একই বৈঠকে সরকার প্রতি বছর ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে।





