ঢাবি হলের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন শিক্ষার্থী

Published: October 5, 2026, 3:50 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবনের নবম তলা থেকে ঝাঁপ দিয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। রোববার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। তবে অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ আছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হলের কর্মচারীরা জানান, রাত একটার দিকে বিকট শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। তখন তারা ওই শিক্ষার্থীকে ভবনের পাশে থাকা একটি টিনশেড ঘরের চালে পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, সরাসরি মাটিতে না পড়ে টিনশেড ঘরের চালে পড়ায় বড় ধরনের শারীরিক আঘাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। এরপর হল প্রশাসন ও শিক্ষার্থীদের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। সোমবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তাঁর একটি পা কিছুটা ফুলে গেছে এবং মাথায় সামান্য ঘষা লেগে ছিলে যাওয়ায় ব্যান্ডেজ রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে কোনো হাড় ভাঙার প্রমাণ পাওয়া যায়নি।

জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব বর্মন জানান, ওই শিক্ষার্থীর এক্স-রে, ইসিজি ও এমআরআইসহ প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ফলাফল ভালো এসেছে। তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিক্ষার্থীর এই পদক্ষেপের কারণ সম্পর্কে হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সহপাঠী ও হলের কয়েকটি সূত্র জানিয়েছে, তিনি ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, তারা ব্যক্তিগত কারণ ও মানসিক চাপের বিষয়টি শুনেছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থী পুরোপুরি সুস্থ হলে তাঁর কাছ থেকেই ঘটনার বিস্তারিত জানা যাবে। বর্তমানে হল প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo