রাজধানীর মিরপুরে রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী রিপন মণ্ডলকে পুলিশ আটক করেছে। সোমবার পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটে গত শনিবার রাতে মিরপুর-১ এলাকায়। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের দৃশ্য ধারণ করা একটি ভিডিও রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।
ভিডিওটি পোস্ট করে সায়ের উল্লেখ করেন, এক টুকরো রুটি চুরি করার অপরাধে মিরপুর এলাকার একটি মার্কেটের নিরাপত্তাকর্মী শিশুটিকে পশুর মতো পেটাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় পথচারীদের একজন শিশুটিকে বাঁচাতে এগিয়ে এলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
সায়ের তার পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সভ্য সমাজে এমন পৈশাচিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধ যাই হোক না কেন, অভিযুক্ত ব্যক্তিকে আইনের হাতে সোপর্দ করাই একমাত্র পথ, কোনোভাবেই নির্যাতন করার সুযোগ নেই। তিনি ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মী এবং তার সহযোগীর বিরুদ্ধে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





