হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে দফায় দফায় নাশকতা

Published: September 20, 2026, 8:59 am

রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে গত কয়েক দিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। শনিবার রাতে ও সন্ধ্যায় ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়। রাত আনুমানিক সাড়ে ১১টার পর শাহবাগে তিন নেতার মাজারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।

ককটেল বিস্ফোরণের পাশাপাশি শনিবার সন্ধ্যা ও রাতে রাজধানীর মিরপুর, মধ্যবাড্ডা এবং দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্ধ্যায় মিরপুরে দুটি এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

তাছাড়া গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি এলাকায় দফায় দফায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণের ঘটনা ঘটে মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট এলাকায়। একই দিন কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh