চুয়াডাঙ্গায় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষক

Published: October 5, 2026, 10:55 am

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাজান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শাহাজান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, সোমবার দুপুরে শাহাজান আলী মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি নিহত হয়েছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক কারণ উদঘাটন করা হবে বলে জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh