নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মিজানুর রহমান মিজান (৩২) নামের এক ব্যবসায়ীকে তার নিজের দোকানের ভেতর ঢুকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেট এলাকায় অবস্থিত মিজান স্টোরে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মিজান ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ জানান, মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত। ঘটনার সময় তিনি নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী ‘কানা নিজাম’-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত তার ওপর হামলা চালায়। হামলাকারী দলটিতে কানা নিজামের পাশাপাশি মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল, শাহসহ আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ছিল।
হামলাকারীদের গুলিতে মিজানের বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





