রাজধানীতে দুটি বাসে আগুন, ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত

Published: September 19, 2026, 2:55 pm

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বর জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে মিরপুর-১ নম্বর এলাকার ডেল্টা হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ওই বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়তে সক্ষম হন এবং স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নিভিয়ে ফেলেন।

একই দিনে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় মো. বিল্লাল হোসেন নামে এক রিকশা চালক আহত হয়েছেন। আহত বিল্লাল ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জের মো. শহিদের সন্তান। তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার রাতেও ঢাকার কাফরুল থানার সামনে ও চিটাগাং রোডে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে এবং মগবাজার মোড়সহ অন্তত ১০ থেকে ১২টি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ এখন পর্যন্ত এসব ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি। তবে এই ধারাবাহিক ঘটনার প্রেক্ষিতে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin