এশিয়ান গেমস হকি: চীনের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Published: October 1, 2026, 8:22 am

এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ২৩ গোল হজম করার পর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। চীনের বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোমান-আমিরুলদের। এই পরাজয়ের ফলে এখন বাংলাদেশ দল সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে। ৩রা অক্টোবর সেই ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ থাইল্যান্ড।

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। মাত্র দ্বিতীয় মিনিটেই চীনের জিয়ালিয়াং ঝাং ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর ইউলাই ঝাও গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দল প্রথম কোয়ার্টার শেষ করে। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের পারফরম্যান্সে কিছুটা লড়াইয়ের ছাপ লক্ষ্য করা যায়। ২২ মিনিটের সময় চীনের বেনহাই চেন গোল করলেও হাফ টাইমের ঠিক আগ মুহূর্তে রাকিবুল হাসান বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন। তবে দ্বিতীয়ার্ধে চীনের আধিপত্য বজায় থাকে এবং তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে তারা আরও চারটি গোল আদায় করে নেয়।

এ পর্যন্ত চীনের বিপক্ষে মোট নয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র একবার জয় পেয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। বাকি সাতটি ম্যাচে জয় পেয়েছে চীন এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin