কারও দান-খয়রাতের প্রয়োজন নেই রাশিয়ার: পুতিন

Published: October 1, 2026, 9:54 am

রাশিয়ার নবনির্বাচিত পার্লামেন্ট দুমা’র প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা, জাতীয় নিরাপত্তা, সামাজিক ব্যয় এবং প্রতিরক্ষা খাতের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। আইনপ্রণেতাদের উদ্দেশ্যে পুতিন বলেন, বাইরের কোনো সহায়তা বা দান-খয়রাতের ওপর রাশিয়া নির্ভরশীল নয় এবং দেশটির নিজস্ব লক্ষ্য অর্জনের জন্য পর্যাপ্ত সম্পদ রয়েছে।

পুতিন স্পষ্টভাবে উল্লেখ করেন যে, রাশিয়া সারা বিশ্বে হাত পেতে ভিক্ষা করবে না। তিনি বলেন, বাইরের সাহায্য চাওয়া একদিকে যেমন অপমানজনক, অন্যদিকে কেউ তাদের সহায়তা করবে না বলেও তিনি সচেতন। সবচেয়ে বড় কথা, রাশিয়ার এমন কোনো সহায়তার প্রয়োজন নেই। তিনি দেশটির আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল ও আত্মবিশ্বাসী হিসেবে বর্ণনা করলেও কোনো ধরনের ভুল পদক্ষেপ বা ধ্বংসাত্মক জনতুষ্টি এড়িয়ে চলার জন্য আইনপ্রণেতাদের সতর্ক করে দেন।

বাজেট প্রণয়নের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়ে পুতিন বলেন, জাতীয় প্রকল্প ও ফেডারেল কর্মসূচিগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং সরকারের সকল সামাজিক অঙ্গীকার পূরণ করতে হবে। এছাড়া ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য প্রশাসনিক বাধা কমানোর প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করা এবং রুশ সেনা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোকে পার্লামেন্টের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন পুতিন। ইউক্রেন সংঘাতে অংশগ্রহণকারী নতুন নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক যোদ্ধাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, তারা যুদ্ধক্ষেত্রে দেশের প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ দিয়েছেন। দেশকে বিজয়ের পথে এগিয়ে নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin