ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Published: October 1, 2026, 10:29 am

ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকার সমাবেশস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে দীর্ঘ বিরতির পর নানাবাড়িতে আসার অনুভূতি ব্যক্ত করেন। তিনি জানান, সর্বশেষ ১৯৮৪ এবং ১৯৯১ সালে তিনি এখানে এসেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের পাশাপাশি তার নানাবাড়ির এলাকার উন্নয়নের জন্য কাজ করা তার দায়িত্ব। তিনি আরও বলেন, নির্বাচনের আগে তিনি এই নদী খননের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এখন বাস্তবায়িত হলো।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ১৯৭১ সালে তাদের ভূমিকা সম্পর্কে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আমাদের নসিহত করে, তাদের উচিত আগে নিজেদের দিকে তাকানো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, মন্ত্রী জাকারিয়া তারেক সুমন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন মাহমুদ চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। মুহুরী নদীর ভাঙন ও বন্যার কবল থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলাকে রক্ষা এবং সেচ সুবিধা প্রসারের লক্ষ্যে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh