ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র

Published: October 1, 2026, 12:08 pm

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন।

কিটগুলো গ্রহণের পর স্বাস্থ্যমন্ত্রী এগুলো দ্রুত সারা দেশে বিতরণের নির্দেশ দেন। তিনি জানান, যাতায়াত সুবিধার কথা মাথায় রেখে অনুষ্ঠানটি কুর্মিটোলা হাসপাতালে আয়োজন করা হলেও কিটগুলো প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদার ভিত্তিতে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে এগুলো পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারি খাতে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। নতুন পাওয়া কিটগুলো যুক্ত হওয়ায় দেশের যেকোনো অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ভ্যাকসিনের উচ্চমূল্য এবং এর কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ডব্লিউএইচও, ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh