পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

Published: October 1, 2026, 7:03 am

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত শাখা এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) রাখা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, এই নাম পরিবর্তনের কারণে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদের কোনো পরিবর্তন হবে না। অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে এই নতুন নাম কার্যকর হবে বলে সরকারি স্মারকে উল্লেখ করা হয়েছে।

সরকারি আদেশে আরও বলা হয়েছে, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে এই নাম পরিবর্তন সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নামকরণের পেছনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সরকারি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্টের স্মারক, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্টের স্মারক এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের কথা উল্লেখ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশটি জারি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy