ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব

Published: October 1, 2026, 6:38 am

ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের ইসরাইলি যাত্রীদের ফিরিয়ে আনার লক্ষ্যে সামরিক বিমান অবতরণের জন্য তেল আবিবের করা অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে রিয়াদ। মধ্যআকাশে ছুরিকাঘাতের ঘটনার পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ওই বিমানের যাত্রীদের উদ্ধারের জন্য ইসরাইল এই আবেদন জানিয়েছিল। বুধবার নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, সৌদি ভূখণ্ডে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে ইসরাইলি বিমানবাহিনী একটি 'সুপার হারকিউলিস' সামরিক উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেছিল। তবে সৌদি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেই উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প বেসামরিক বিমানের মাধ্যমেই যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, দুবাই থেকে তেল আবিবগামী ওই ফ্লাইটে থাকা এক কো-পাইলট মূল ক্যাপ্টেনকে ছুরি দিয়ে আঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা চালান। তবে উপস্থিত যাত্রী এবং অন্য পাইলটদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

উল্লেখ্য, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে আব্রাহাম চুক্তির আওতায় দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়ে আসছেন। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ছাড়া এমন কোনো চুক্তিতে না জড়ানোর বিষয়ে সৌদি আরব তার অবস্থানে অটল রয়েছে। এমনকি ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক কোনো বৈঠকের দাবিকেও রিয়াদ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin