এমপি পদ হারালেন ফেরদৌসী মিষ্টি, নেপথ্যে রাড্ডা ক্লিনিক দখল বিতর্ক

Published: October 1, 2026, 9:00 am

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের পর তিনি পদত্যাগ করেন। যদিও বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি, তবে গত ২৪ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, হামলার পর স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সেখানে 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড'-এর সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। নথিপত্র অনুযায়ী, এই সমিতির সাবেক সভাপতি ছিলেন এমপি মিষ্টি। এই সেবামূলক প্রতিষ্ঠান দখলের ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে নাগরিক সমাজ ও রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের অনুসন্ধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা ও মিষ্টির ঘনিষ্ঠ অনুসারীদের সম্পৃক্ততার তথ্য উঠে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চলছে এবং দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ও মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিষ্টির বিরুদ্ধে রাড্ডা ক্লিনিক কাণ্ডের পাশাপাশি অতীতেও বিভিন্ন অভিযোগ রয়েছে। শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, ক্ষমতার অপব্যবহার ও জমি দখলের অভিযোগ উঠেছিল। ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া মিষ্টির রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কর্মী হিসেবে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রয়াত বিএনপি এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন এবং প্রয়াত কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের সহধর্মিণী। তার স্বামী সাইদুর রহমান নিউটন ২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৪: ১৮আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৪: ৫৮

মিষ্টি সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের সহধর্মিণী এবং ঢাকা-৮ আসনের বিএনপির প্রয়াত এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের (পিলখানা হত্যাযজ্ঞ) মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পিন্টুকে। ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে তার মৃত্যু হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh