কুমিল্লায় অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে আটক ৩

Published: September 19, 2026, 5:38 pm

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সূত্র ধরে পুলিশ তাদের আটক করে। নিহত অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া জানান, অপ্রতিম নিখোঁজের পর বিশ্ববিদ্যালয়ের ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। সেখানে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। তাকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদকেও আটক করা হয়েছে। বর্তমানে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও এসআরবির একটি বিশেষ দল ঘটনার তদন্তে কাজ করছে। মফিজ উদ্দিন ভূইয়া জানিয়েছেন, ঘটনার পেছনে আইফোন হারানোর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আমরা অনেক কিছুই বিবেচনায় নিচ্ছি, এখনই সব বলা সম্ভব নয়।

নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম আর ফেরেনি। এ ঘটনায় তিনি কোটবাড়ি পুলিশ ফাঁড়ির নিকটস্থ সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তিনি জানান, অপ্রতিমের বয়সে বড় কিছু বন্ধু ছিল এবং নিখোঁজের দিন বিকেলে সে তাদের সঙ্গে ছিল কি-না, তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মরদেহ উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার মায়ের আইফোনটি মরদেহের সঙ্গে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দক্ষিণ মোড়ের সানন্দা এলাকার প্রবেশপথ পর্যন্ত সাদা শার্ট ও টুপি পরা তুহিনের সঙ্গে অপ্রতিমকে দেখা গিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh