ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটিতে পরিবর্তন, নতুন তারিখ ২৩ সেপ্টেম্বর

Published: September 20, 2026, 12:24 pm

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তারিখে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার বিকেলে এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ভিত্তিতে গত ২০ মে জারি করা ছুটির তালিকায় আংশিক সংশোধন আনা হয়েছে। এর ফলে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে বার্ষিক ছুটির তালিকায় এই ধর্মীয় দিবসের জন্য ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল।

এই ছুটির সিদ্ধান্ত দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কার্যকর হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত আলাদা নোটিশের মাধ্যমে তা জানিয়ে থাকে।

উল্লেখ্য, ‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হয়। দিবসটি সুফি সাধক বড়পির হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে পরিচিত। ঐতিহাসিক তথ্যমতে, হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানিতে তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের বিস্তারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অনেকের কাছে দিবসটি ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh