কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ১০ জন পুলিশ সদস্য অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম এবং কনস্টেবল আমিরুল ইসলাম, মুকতার হোসেন, মোহাম্মদ আমিন, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম ও মনিরুল ইসলাম। তাঁরা সবাই পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে কর্মরত।
জেলা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে ক্যাম্পে অন্তত ১২ জন পুলিশ সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন রাতের বিভিন্ন সময়ে সাদা ভাত, মুরগির মাংস ও সবজি খেয়েছিলেন। খাবার খাওয়ার পর তাঁদের শরীরে ঝিমুনি দেখা দেয় এবং একপর্যায়ে তাঁরা অচেতন হয়ে পড়েন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নেওয়া হয়।
মেডিসিন বিভাগের ইউনিট-৩-এর প্রধান চিকিৎসক রেজাউল ইসলাম জানান, পুলিশ সদস্যদের ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়া বা অন্য কোনো কারণে এমনটি হতে পারে।
ঘটনার পর আজ রোববার সকালে পুলিশ সুপার আমিনুল ইসলাম ক্যাম্প ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে। ক্যাম্পে দীর্ঘ দুই বছর ধরে রান্নার কাজ করা সালেহা খাতুন নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ জানিয়েছেন, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।





