রাজধানীর বিভিন্ন স্থানে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Published: September 19, 2026, 4:45 pm

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মিরপুরে দুইটি এবং বাড্ডায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে। একই সময়ে যাত্রাবাড়ী এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঘটনার ধারাবাহিকতায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বরে অভিজাত পরিবহনের একটি বাসে এবং প্রায় একই সময়ে পল্লবীর ১১ নম্বরে শিখড় পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় আরও একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। পুলিশ এই তিনটি ঘটনাস্থল এবং এর আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে তা নেভানোর চেষ্টা করছেন। যদিও ফায়ার সার্ভিসের কাছে এই বাসে আগুনের কোনো তথ্য নেই।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ জানিয়েছেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তবে বাসটি পুরোপুরি পোড়েনি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে তল্লাশি ও টহল জোরদার করেছে। রাজধানীর প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পক্ষ থেকে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh