বাজারে আসার অপেক্ষায় থাকা নতুন ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’ তাদের কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিশাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে মোট ৬২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত বুধবার পত্রিকাটির অনলাইন প্ল্যাটফর্মে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিপোর্টিং বিভাগে সর্বোচ্চ সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এই বিভাগে ২০ জনের মধ্যে ৫ জন সিনিয়র রিপোর্টার (রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয় বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা), ১৫ জন স্টাফ রিপোর্টার (৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা) এবং ৫ জন জুনিয়র রিপোর্টার (১ থেকে ২ বছরের অভিজ্ঞতা) নেওয়া হবে।
সম্পাদনা বিভাগে ১৮ জন নিয়োগ পাবে, যার মধ্যে ২ জন কপি এডিটর (৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা), ৪ জন সিনিয়র সাব-এডিটর (৫ বছরের অভিজ্ঞতা), ৭ জন সাব-এডিটর (৩ বছরের অভিজ্ঞতা) এবং ৫ জন সম্পাদনা সহকারী (৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা) অন্তর্ভুক্ত। গ্রাফিক্স বিভাগে ৬ জন জনবল নেওয়া হবে, যার মধ্যে ১ জন হেড অব গ্রাফিক্স (প্রিন্ট পত্রিকায় ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা) এবং ৫ জন গ্রাফিক্স ডিজাইনার (৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা) প্রয়োজন।
মার্কেটিং বিভাগে ৬ জন নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে জেনারেল ম্যানেজার (৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা) এবং ৫ জন মার্কেটিং এক্সিকিউটিভ (ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা) থাকবেন। এছাড়া সার্কুলেশন বিভাগে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ১ জন সার্কুলেশন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। গবেষণা বিভাগে ১ জন হেড অব রিসার্চ (৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা) এবং ৫ জন রিসার্চ এক্সিকিউটিভ (২ বছরের কাজের অভিজ্ঞতা) নিয়োগের কথা বলা হয়েছে।
সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা স্নাতকোত্তর পাস চাওয়া হয়েছে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা ওয়েজ বোর্ড অনুযায়ী যোগ্যতা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এশিয়া পোস্টের ওয়েবসাইটের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।





