৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান শফিকুর রহমানের

Published: November 5, 2026, 2:38 pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসী এবং দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি স্মরণ করেন। তিনি বলেন, সেই সময় দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছিল। তিনি আরও উল্লেখ করেন, সে সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছিল।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, দেশ ও জাতি বর্তমানে নানা ধরনের রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি। তিনি আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন বা স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ওপর তিনি জোর দেন।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত করার লক্ষ্যে দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh