নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Published: November 5, 2026, 1:52 pm

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই আসরের সূচনা করেন। একই অনুষ্ঠানে অনলাইনে সারা দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র এই দ্বিতীয় আসর একযোগে উদ্বোধন করা হয়।

খুলনা সফরের অংশ হিসেবে এদিন প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে অবস্থিত হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর কাটাখালী ও কুদির বটতলা হয়ে তিনি খুলনা সার্কিট হাউজে পৌঁছান এবং সেখান থেকে জেলা স্টেডিয়ামে যান।

এর আগে, দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির তলায় নির্মিত পথসভা মঞ্চের পাশে এসে থামে। সেখানে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান এবং উপস্থিত জনগণের সঙ্গে হাত মেলান।

মঞ্চে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বর্তমান উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় তিনি অভিযোগ করেন যে, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ভারত থেকে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় চব্বিশের আন্দোলনের মতো আরও একটি আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin