সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করল ডিএমপি

Published: November 5, 2026, 11:41 am

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। এই অধিবেশন চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আগামী ৮ নভেম্বর (রোববার) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা অনুযায়ী, এই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও ক্ষতিকারক পদার্থ বহন করাও আইনত দণ্ডনীয় হিসেবে গণ্য হবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা এই বিধিনিষেধের অন্তর্ভুক্ত।

নিষেধাজ্ঞাটি রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত সড়কেও কার্যকর থাকবে। এছাড়া ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলিতেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin