গোপালগঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘ।
ম্যাচের শুরু থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের আক্রমণ সামলে খেলতে থাকে আরামবাগ। প্রথমার্ধের ৩১ মিনিট পর্যন্ত তারা গোলশূন্য সমতা বজায় রাখতে সক্ষম হয়। তবে ৩২ মিনিটে বসুন্ধরা কিংস একটি পেনাল্টি পায়। নেপালের খেলোয়াড় অঞ্জন বিস্তা স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় বসুন্ধরা কিংস।
দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে আক্রমণের ধার বাড়ায় আরামবাগ ক্রীড়া সংঘ। দলটি একের পর এক আক্রমণ চালালেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পাচ্ছিল না। তবে ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে আক্রমণভাগের খেলোয়াড় সামিন ইয়াসার গোল করে আরামবাগ শিবিরে স্বস্তি ফেরান। এর ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে নিশ্চিত পরাজয় এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। অন্যদিকে, পূর্ণ তিন পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বসুন্ধরা কিংসকে।





