যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান চৌধুরী

Published: November 5, 2026, 3:05 am

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় তাকে এই গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নম্বর ২৩) প্রেক্ষিতে ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয় ডিবি। একই ঘটনায় ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও হেফাজতে নেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh