মজুরি বোর্ডের বৈঠক দ্রুত ডাকার আহ্বান শ্রমিক নেতাদের

Published: November 3, 2026, 5:35 pm

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে সরকার মজুরি বোর্ড গঠন করলেও, এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এ নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ডের বৈঠক ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্ভব হলে বৃহস্পতিবারই এই বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছেন তারা।

মঙ্গলবার রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) এবং বিভিন্ন শ্রমিক ফেডারেশনের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পোশাক খাতের ঘোষিত মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

সভায় আইবিসির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন স্বপন বলেন, শ্রমিকদের কাজে যোগদানের জন্য বারবার আহ্বান জানানো হচ্ছে। মঙ্গলবার সকালেও পরিস্থিতি শান্ত ছিল এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছিলেন, তবে দুপুরের পর পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। তিনি দাবি করেন, শ্রমিকদের এই আন্দোলনে দুষ্কৃতকারীরা ঢুকে পড়েছে।

সালাহ উদ্দিন স্বপন আরও বলেন, গতবার মজুরি বোর্ড গঠনের পর কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল, তাদের বিষয়ে খোঁজ নিলেই এবারের অস্থিরতার পেছনের ব্যক্তিদের খুঁজে পাওয়া সম্ভব। তিনি অভিযোগ করেন, মিরপুরে চলমান অসন্তোষের মধ্যে উচ্ছেদ হওয়া হকার এবং কোথাও কাজ না পাওয়া কালো তালিকাভুক্ত কিছু শ্রমিকও যুক্তিসঙ্গত কারণে এই আন্দোলনে জড়িত থাকতে পারে। এছাড়া কিছু শ্রমিকের মধ্যে সরকারবিরোধী মনোভাব থাকতে পারে, যারা হয়তো স্বতঃস্ফূর্তভাবেই আন্দোলনে অংশ নিচ্ছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin