রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সোলার এক্সপো-২০২৬’। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই আয়োজন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে ঘুরে দেখেন।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে সোলার এক্সপোর আয়োজন করেছে। এক্সপোতে সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর পাশাপাশি সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের নানা দিক এখানে তুলে ধরা হচ্ছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তার পাশাপাশি সৌরবিদ্যুতের প্রসারে সরকারের নীতি ও নানা সুযোগ-সুবিধা সম্পর্কে অংশীজনদের অবহিত করতেই এই এক্সপোট আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং নতুন উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
এর আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





