জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: আমুসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Published: November 2, 2026, 7:20 am

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম। আসামিদের মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম অভিযোগের বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দমনে তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করেছিল। আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেই এই আন্দোলন দমনের প্রক্রিয়া চালানো হয়েছে।

গাজী মোনাওয়ার হুসাইন তামীম আরও বলেন, মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে সরাসরি অংশগ্রহণ, সহায়তা এবং পরামর্শ দিয়েছেন। এই কর্মকাণ্ডের ফলে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে এক হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার আন্দোলনকারী আহত হয়েছেন। মূলত এই বিষয়গুলোই আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের মূল ভিত্তি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo