ডামুড্যায় ঘুষের ১০ হাজার টাকা ফেরত দিলেন ভূমি কর্মকর্তা

Published: November 1, 2026, 3:01 pm

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ভূমি অফিসে জমি নামজারির কথা বলে ঘুষ হিসেবে নেওয়া টাকা প্রকাশ্যেই ফেরত দিয়েছেন এক কর্মকর্তা। রোববার স্থানীয় লোকজনের উপস্থিতিতে ডামুড্যা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ ভুক্তভোগীকে ঘুষের ১০ হাজার টাকা ফিরিয়ে দেন। টাকা ফেরত দেওয়ার পাশাপাশি নিজের অন্যায় স্বীকার করে শেষবারের মতো ছাড় দেওয়ার অনুরোধ জানান তিনি।

ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন জানান, তিনি নিজের জমির নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেছিলেন। তবে আবেদন করার পর চার মাস অতিবাহিত হলেও কার্যক্রম সম্পন্ন হয়নি। একপর্যায়ে তহসিলদার শরীয়ত উল্লাহ এক সপ্তাহের মধ্যে নামজারি শেষ করে দেওয়ার আশ্বাস দিয়ে ১০ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে তাকে ১০ হাজার টাকা প্রদান করা হলেও কাজ না হওয়ায় এবং পরিস্থিতি ঘোলাটে হলে ওই কর্মকর্তা টাকা ফেরত দিতে বাধ্য হন।

টাকা ফেরতের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ ঘটনা স্বীকার করেন। এ সময় নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তিনি তাকে শেষবারের মতো সুযোগ দেওয়ার আহ্বান জানান।

ঘটনাটি প্রসঙ্গে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী জানান, প্রচারিত ভিডিও দেখে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে উক্ত কর্মকর্তা ঘুষ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তা ফেরত দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, এর আগেও ঘুষ গ্রহণের অভিযোগে শরীয়ত উল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে তৎকালীন কর্মস্থল থেকে বদলি করা হয়। তবে নতুন কর্মস্থলে এসেও তিনি একই অপরাধে জড়িয়ে পড়ায় ডামুড্যা ভূমি অফিসের সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেবাগ্রহীতারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh