৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ, সাভার ও গাজীপুরের ৮০ কারখানায় ছুটি

Published: November 1, 2026, 10:02 am

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও গাজীপুরে পোশাকশ্রমিকদের সহিংস আন্দোলনকে কেন্দ্র করে অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার সকালে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু হওয়ার পর মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ বক্সে আগুন ও প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে।

সাভার এলাকায় সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় সাভার ও আশুলিয়া এলাকার অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাইকিং করে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছে।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সকাল থেকেই পোশাকশ্রমিকেরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত যমুনা ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা পল্লীবিদ্যুৎ এলাকার মন্ডল গ্রুপে আগুন ধরিয়ে দেন।

ধারাবাহিক বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কালিয়াকৈর ফায়ার সার্ভিস এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার শুরু হওয়া এই শ্রমিক আন্দোলন রোববার দিনভর অব্যাহত থাকায় দুই শিল্পাঞ্চলেই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin