চিকিৎসকের সনদ না থাকায় সিলেট থেকে লন্ডনযাত্রা বাতিল অন্তঃসত্ত্বার

Published: October 31, 2026, 12:32 pm

চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে ২৫ সপ্তাহের এক অন্তঃসত্ত্বা নারীকে নিতে আপত্তি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানিয়েছেন, ওই দিন সকাল ১০টা ১০ মিনিটে বিজি-২০১ ফ্লাইটে একই পরিবারের চার সদস্যের লন্ডন যাওয়ার কথা ছিল। চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) যাওয়ার পর পরিবারের ওই নারী নিজেকে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান।

শাকিল আহমেদ বলেন, বিমান ভ্রমণের ঝুঁকি বিবেচনায় ক্রুরা ওই নারীকে বিমানে তুলতে আপত্তি জানান, কারণ তার কাছে ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসকের প্রত্যয়নপত্র ছিল না। এই ঘটনার পর ওই নারীর পরিবারের অন্য তিন সদস্যও স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হন। ফলে ওই পরিবারের কেউই আর লন্ডন যেতে পারেননি।

বিমান কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীর বিমান ভ্রমণের জন্য চিকিৎসকের প্রত্যয়নপত্র থাকা বাধ্যতামূলক। ওই নারীর গর্ভাবস্থা ২৫ সপ্তাহ হলেও তার কাছে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র ছিল না। স্টেশন ম্যানেজার আরও জানান, চিকিৎসকের প্রত্যয়নপত্র ছাড়া অন্তঃসত্ত্বা যাত্রী পরিবহনের পর যাত্রাপথে কোনো জটিলতা দেখা দিলে বিমান সংস্থাকে বড় অংকের জরিমানা গুনতে হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin