সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Published: October 31, 2026, 8:54 am

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নাটোরের দুই প্রবাসীর মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রিয়জনের মৃতদেহ ফিরে পাওয়ার খবরে নলডাঙ্গা উপজেলার সংশ্লিষ্ট গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নাকাটি আর আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। নিহত দুই প্রবাসী হলেন নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের জাকের আলীর ছেলে মোহাম্মদ শামীম এবং একই ইউনিয়নের খাজুরা শ্রীপুর পাড়া গ্রামের রাব্বানির ছেলে সাব্বির হোসেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তাদের মরদেহ নিজ গ্রাম নলডাঙ্গায় পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ দুটি গ্রামে এসে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে স্থানীয় মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি শ্রমিক মারা যান। ভয়াবহ আগুনে শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ার কারণে নিহতদের পরিচয় শনাক্তকরণে চরম জটিলতা দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় নিশ্চিত করে এবং গত ২৭ আগস্ট তাদের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠায়।

তবে শামীম ও সাব্বিরসহ বাকি ৭ জন শ্রমিকের পরিচয় শনাক্তে দেরি হওয়ায় দেশে থাকা তাদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ আইনি ও চিকিৎসাসংক্রান্ত ধাপ পেরিয়ে এবং ডিএনএ পরীক্ষার রিপোর্ট চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার পর সৌদি সরকার মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin