চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় রোগটি নিয়ন্ত্রণে জেলাবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুশা। শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সর্বস্তরের নাগরিকদের প্রতি তিনি এই আহ্বান জানান।
ফেসবুক বার্তায় ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানটি তুলে ধরে জেলা প্রশাসক উল্লেখ করেন, ডেঙ্গু মোকাবিলায় নাগরিকদের সচেতনতাই সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করে। এ জন্য প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ ঘরবাড়ি, উঠান ও আশপাশের আঙিনা পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে।
পরিবেশে যেন কোনোভাবে পানি জমতে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, ফেলে রাখা টায়ার এবং পানির পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন জেলা প্রশাসক। কারণ এসব স্থানে জমে থাকা পানিতেই ক্ষতিকর এডিস মশা সহজে বংশবিস্তার করে থাকে।
আবু সালেহ মো. মুশা আরও স্পষ্ট করেন যে, ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারি প্রশাসনের একক প্রচেষ্টায় সম্ভব নয়। এ জন্য সর্বস্তরের নাগরিককে নিজস্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। নিজের সচেতনতার পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও আশপাশের মানুষকেও উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব।





