ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় অবস্থিত দেলাওয়ার হোসেনের বাসভবনে যান। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য তাকে ফুলের তোড়া উপহার দেন এবং দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয়। দেলাওয়ার হোসেনও এ সময় মির্জা ফয়সলকে মিষ্টিমুখ করান। সাক্ষাৎকালে তারা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে আলোচনা করেন।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। এছাড়া খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ৪৫০ ভোট পেয়েছেন।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, আর এর বড় বৈশিষ্ট্য হলো পরমতসহিষ্ণুতা। তিনি আরও বলেন, ঠাকুরগাঁও ও দেশের স্বার্থে আমরা একে অপরকে সহযোগিতা করব। দেলাওয়ার হোসেন বিপুল ভোট পেয়েছেন, তাই তাকে বাদ দিয়ে বিজয় সম্ভব নয়। আমি তার কাছে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছি।
পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন মির্জা ফয়সলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি আমার ও আমার নেতাকর্মীদের খোঁজ নিতে এসেছেন, যা অত্যন্ত ইতিবাচক। আমি তার প্রতি কৃতজ্ঞ এবং এটি এমন এক রাজনৈতিক সংস্কৃতি যা বজায় রাখা প্রয়োজন। এসময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





