হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে দীর্ঘ সাড়ে তিন বছর ধরে নিখোঁজ থাকা মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার দুপুরে পুলিশ এই কঙ্কালটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুন মাসে মহব্বত আলী নিখোঁজ হন। তার নিখোঁজের ঘটনায় তার নানা আবদুল আলী একটি মামলা দায়ের করেছিলেন। মামলাটির তদন্ত চলার সময় অভিযুক্ত শাহ আলমের স্ত্রী জাহানারা বেগম পাশের বাড়ির এক ব্যক্তিকে মোবাইল ফোনে মহব্বতের মতো হত্যার হুমকি দেন। ওই ব্যক্তি বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করেন।
এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশ রামনগর গ্রামে অভিযান চালিয়ে শাহ আলম (৪০), তার স্ত্রী জাহানারা বেগম, ইয়ামিন (২৪) ও জয়নাল (২১)-কে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মহব্বত আলীকে হত্যা করে মরদেহ সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই শুক্রবার দুপুরে ওই সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে আগামীকাল বিস্তারিত তথ্য জানানো হবে।





