পাবনার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫২) এবং তার চাচাতো ভাইয়ের ভাগনে রিপন (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আব্দুস সালাম হাটের ভেতরে নিজের অস্থায়ী কার্যালয়ে ভাগনে রিপনকে নিয়ে বসেছিলেন। এসময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। হামলাকারীরা গুলির পরপরই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।





